আজ , , ,

৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কাভার্ডভ্যানে আগুন…

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ সময় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে নিউএজ গ্রুপের একটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কারখানা থেকে বের হয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার সামনেও গিয়ে বিক্ষোভ করেন তাঁরা। পরিস্থিতির অবনতি হলে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা হা-মীম গ্রুপের একটি কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে কাঠগড়া সড়কের পাশে বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেডের কারখানার সামনেও বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তাঁরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে জিরাবো থেকে কাঠগড়া সড়কের বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ পরিস্থিতিতে ওই এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে সকাল ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ঘোষবাগ এলাকায় বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বেলা সাড়ে ১১টার দিকে নরসিংহপুর এলাকায়। সেখানে বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আশুলিয়া ও সাভার এলাকার অনেক কারখানায় চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিকরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে গেছেন। আশপাশের যেসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল, সেখান থেকেও শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকরা সড়কে নেমে ব্যারিকেড দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন এবং যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করছেন। নরসিংহপুর, বিশমাইল ও কাঠগড়া এলাকার অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আন্দোলনে বহিরাগত দুষ্কৃতকারীরা যোগ দিয়েছেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে বলে জানান পুলিশ সুপার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। এতে কারখানার উৎপাদন ও স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com