শরীয়তপুরকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে রেললাইন বাস্তবায়ন এবং দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, শরীয়তপুরের সার্বিক উন্নয়নে জেলার সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। খুব শিগগিরই জেলায় রেললাইন বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যও কাজ চলছে।
তিনি আরও বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে শরীয়তপুরের শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। জেলার উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাইদ আহমেদ, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান (কিরণ) এবং সংরক্ষিত নারী আসন-৩৬-এর সংসদ সদস্য শওকত আরা আক্তারের।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. এনামুল হক হাওলাদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।