চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান শুরু করে জোরারগঞ্জ থানা পুলিশ। পরে ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ ও ঢাকা মেট্রো-ট-১৬-৩৫৬২ নম্বরের দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। সার পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।