আজ , , ,

শুধু রাজনৈতিক বিপ্লব নয়, দেশ গঠনেও এগিয়ে আসতে হবে যুবকদের: রাষ্ট্রপতি…

যুবসমাজকে কর্মমুখী করে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শুধু রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনলেই দেশ এগিয়ে যাবে না। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি দেশ গঠনেও যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে তরুণদের হাতে উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে।

রোববার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আমরা দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এতদিন সংগ্রাম করেছি। এখন আমাদের সংগ্রাম এই দেশকে নির্মাণ করার জন্য। বিল্ড দিস কান্ট্রি, বিল্ড দিস নেশন।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭৭ সালে তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় প্রথম যুব কনভেনশনের আয়োজন করেছিলেন। এর পরই যুব মন্ত্রণালয়, যুব অধিদপ্তর ও যুব কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের যুবক-যুব নারীদের প্রশিক্ষণের জন্য তিনি প্রত্যেক জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছিলেন। তাঁর প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

যুবসমাজকে দেশের সবচেয়ে বড় মানবসম্পদ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ যুবক। এটিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ বলা হয়। এই বিপুল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। উন্নয়নশীল দেশে পরিণত হতে হলে দেশের সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে যুবসমাজই সবচেয়ে বড় চালিকাশক্তি। ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর তারাই।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার যুবকদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে তরুণদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। যুবসমাজের ভাগ্য পরিবর্তন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।

জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে বিভিন্ন স্টল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের কাজ দেখে তিনি আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন। স্বল্প পুঁজি নিয়ে অনেক তরুণ-তরুণী পণ্য উৎপাদন করছেন এবং বিদেশেও রপ্তানি করছেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের সাফল্য আশাব্যঞ্জক।

নিজ এলাকার বেকারত্ব পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এলাকায় গেলে অনেক তরুণ চাকরির জন্য তাঁর কাছে আসেন। এমনকি ক্লিনারের মতো পদেও স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণদের কাজ না পাওয়ার বিষয়টি তাঁকে ব্যথিত করে।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ, ঋণ ও অন্যান্য কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। যথাযথ পরিকল্পনার মাধ্যমে এসব কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে পারলে বেকারত্ব কমবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা। বড় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদেরও ঋণ সহায়তার আওতায় আনতে হবে। তাঁদের হাতে প্রাথমিক মূলধন তুলে দিতে পারলে অনেকেই নিজের পায়ে দাঁড়াতে পারবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। এখন পার্লামেন্টকেন্দ্রিক রাজনীতি হওয়া উচিত এবং জাতীয় সমস্যাগুলোর সমাধান সংসদের মধ্য দিয়েই হওয়া প্রয়োজন।

শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানমুখী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থাকে সময় ও চাহিদার উপযোগী করতে হবে। শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বাড়াতে হবে। দেশে ভোকেশনাল ও টেকনিক্যাল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ বিদেশে গিয়ে কাজ করছেন এবং রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাঁদের যদি দক্ষ ও শিক্ষিত শ্রমিক হিসেবে বিদেশে পাঠানো যায়, তাহলে আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং বৈদেশিক আয় বাড়বে।

বক্তব্যের শেষ পর্যায়ে যুবসমাজকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা কখনোই হতাশ হতে পারি না। আমরা হতাশ জাতি নই। আমরা সব সময় লড়াই করি, সংগ্রাম করি। এই সংগ্রাম আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com