আজ , , ,

রাজশাহীতে ১২০ জনের কর্মসংস্থানের উদ্যোগ, কম্পিউটার-সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ…

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জন এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে রাজশাহীতে ১২০ জনের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) ও রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় এসব সরঞ্জাম দেওয়া হয়।

বিতরণ করা সরঞ্জামের মধ্যে ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট দেওয়া হয়েছে। মোট ১২০ জন উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী এবং পাঁচজন পুরুষ।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং নতুন উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যেই এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রকল্পটির কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে।

তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মহীন জনগোষ্ঠীকে স্বনির্ভর করে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যাতে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এ ছাড়া গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বেকারত্ব কমানো ও নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা অর্জন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম সম্প্রসারণে রাসিকের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে তিনি বলেন, ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।

এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, সিডিসির নেতৃবৃন্দ ও সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপকারভোগীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি। তাঁরা জানান, পাওয়া কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট তাঁদের আয়ের নতুন সুযোগ তৈরি করবে। এসব সরঞ্জামের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি পরিবারের জীবিকা নির্বাহেও ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা। এ সহায়তার জন্য রাসিক প্রশাসকসহ প্রকল্পসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।

উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (LSUPCB) প্রকল্পের আওতায় গত এক বছরে রাজশাহী মহানগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com