আজ , , ,

গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে এসে দুই সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা ও চাকরি

রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে এসে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঘটনার খবর পেয়ে প্রতিমন্ত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বরত চিকিৎসকদের তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় প্রতিমন্ত্রী ঘোষণা করেন, অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রতিটি পরিবারের উপযুক্ত একজন সদস্যকে গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া এবং পূর্ণ মর্যাদায় দাফন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যুতে মহাসমাবেশে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com