ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি (সাধারণ ও কারিগরি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে পাঁচ শিক্ষার্থী। এ বছর কলেজটি থেকে মোট ২৪২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৫ শতাংশ।
প্রকাশিত ফলাফলে কলেজের শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সাধারণ ও কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
কলেজের পরিষদের সম্পাদক ও প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা সন্তুষ্ট। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষকরা শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের সমন্বয়ে এ ফলাফল অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা বাড়াতে পাঠদানের মানোন্নয়নসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে আরও মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে পরীক্ষার ফলাফলে আরও ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব হবে।