আজ , , ,

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল ফি ৮ হাজার টাকা নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই ব্যবস্থা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিক্যাল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি কোনো অর্থ নেওয়া যাবে না। কর্মীদেরও নির্ধারিত ফির অতিরিক্ত টাকা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে মেডিক্যাল পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

এ ছাড়া কোনো এজেন্সি মেডিক্যাল স্লিপ তৈরি করার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ফির বেশি অর্থ দাবি করলে কিংবা হয়রানি, তালবাহানা বা অন্য কোনো ধরনের অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। অভিযোগ জানাতে ইমেইল ঠিকানা secretary@probashi.gov.bd ব্যবহার করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। এ বিষয়ে কর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় নিয়মিত মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও পরীক্ষা করবে। কোনো ধরনের অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, মানসম্মত, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com