আজ , , ,

৯ নভেম্বরের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শফিকুর রহমানের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ সঙ্গে থাকলে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন করেই ছাড়বেন তাঁরা। সরকার গণভোটের গণরায় বাস্তবায়নের ঘোষণা না দিলে দাবি আদায়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা, খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চে যাওয়ার পথে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা সেতু এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণ আমাদের সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়ব। আমরা সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব। যে জাতি স্বাধীনতার জন্য বুকে গুলি নেয়, সে জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।”

তিনি আরও বলেন, আগামী ৯ নভেম্বরের আগে সরকার গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দিলে দাবি আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পথসভায় জামায়াত আমির অভিযোগ করেন, সাত দফা দাবির মূল বিষয় হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় বাকি ছয় দফা সামনে এসেছে। বিএনপি সরকার জনগণের গণরায়কে উপহাস করছে এবং জনগণের সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করছে। সরকার জনগণের ওপর স্বৈরশাসন চালিয়ে যেতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে ভেলকিবাজি করে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। এ ধরনের কর্মকাণ্ড ও পাঁয়তারা বন্ধ না করলে জনগণ সরকারকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখাবে।

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।

জেলা জামায়াতের আমির আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com