বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার আব্দুল হাফিজের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।
ওই ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আদালত ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও অন্তত ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তবে ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও আপত্তি জানিয়ে আসছেন ভুক্তভোগীরা।