আজ , , ,

নড়িয়ায় প্রবাসীদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর-লুটপাটের পর অগ্নিসংযোগের অভিযোগ

শরীয়তপুরের নড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা নারীদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। ঘটনায় দুই নারী আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার পর নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন পরিবারের নারী সদস্যরা।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের আউয়াল ঢালি বাড়ি (বিলের ঢালি বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) শরীয়তপুর আদালতে মামলা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য রাসেল ঢালির স্ত্রী মুনমুন আক্তার। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই বাড়ির সামাদ ঢালি, রাসেল ঢালি ও আকতার ঢালি দীর্ঘদিন ধরে ইতালি ও ওমানে বসবাস করছেন। বাড়িতে নারী ও শিশু ছাড়া কোনো পুরুষ সদস্য থাকেন না। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাজিব মৃধা ও তামান্না আক্তারের নেতৃত্বে ৭-৮টি মোটরসাইকেলে করে ১৩-১৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে নারীদের ভয়ভীতি দেখান। পরে দরজা-জানালা, স্টিলের আলমারি, ওয়ারড্রপ, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করেন। একপর্যায়ে বাড়ির বেড়ায় আগুন ধরিয়ে দেন তারা।

এ সময় বাড়িতে থাকা রুপা বেগম, নাদিয়া বেগম ও মুনমুন আক্তারকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আলমারির চাবি নিয়ে সেখান থেকে নগদ ২ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা বলে মামলায় দাবি করা হয়েছে।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, হামলাকারীরা চলে যাওয়ার সময় মামলা করলে পরবর্তীতে আবার এসে বাড়ির নারীদের ওপর নির্যাতন চালানোর হুমকি দেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পরিবারের নারী সদস্যরা বর্তমানে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

আহত নাদিয়া আক্তার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাজিব মৃধা ও তামান্নারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ১৩-১৪ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে ভাঙচুর ও লুটপাট করে। নগদ ২ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। যাওয়ার সময় ঘরে আগুন ধরিয়ে দেয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

রুপা বেগম বলেন, হামলাকারীদের ভয়ে এখন আমরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। নিরাপত্তাহীনতায় ভুগছি। এ অবস্থায় প্রশাসনের সহযোগিতা চাই।

মামলার বাদী মুনমুন আক্তার অভিযোগ করেন, হামলার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখেন এবং নড়িয়া থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com