আজ , , ,

গণভোটের রায় কার্যকর করে সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক

জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় কার্যকর করে সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সংবিধান সংস্কারসহ সাত দফা দাবিতে ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের প্রতি নিজেদের অঙ্গীকারের কথা বারবার পুনর্ব্যক্ত করা হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় কার্যকরের দাবিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে ১১ দলীয় ঐক্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার জনগণের এই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে প্রস্তুত নয়। বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সরকার জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি তাদের রায়কে অসম্মান করছে।

তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটি ছিল সরকার গঠনের জন্য জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি ছিল রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোট। সংসদ নির্বাচনে বর্তমান সরকার ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। যদিও ওই নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ ও প্রমাণ রয়েছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে রাষ্ট্র সংস্কারের গণভোটে ৭০ শতাংশ ভোটের সমর্থন এসেছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব প্রণয়ন করা হয়েছিল। সিদ্ধান্ত ছিল, গণভোটের রায় কার্যকর করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক অভিপ্রায় বাস্তবায়ন করা হবে। কিন্তু সংসদে দাঁড়িয়ে সরকারের একজন মুখপাত্র গণভোটকে অবৈধ আখ্যায়িত করার চেষ্টা করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, একই মায়ের পেটে জন্ম নেওয়া দুই যমজ সন্তানের মধ্যে একটি অবৈধ হলে অন্যটি কোনোভাবেই বৈধ হতে পারে না। একই নির্বাচনী তফসিলের অধীনে অনুষ্ঠিত গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচনও বৈধ থাকতে পারে না।

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া নাগরিক অধিকারসহ নানা সংকট বিরাজ করছে। পাশাপাশি সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির বিস্তার ঘটেছে এবং প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এসব সংকটের অন্যতম কারণ হিসেবে তিনি সংবিধান সংস্কার না করা এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করাকে উল্লেখ করেন।

লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে মাওলানা মামুনুল হক বলেন, ১১ দলীয় ঐক্য গণভোটের রায় কার্যকরের দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ জনপদের উদ্দেশে ঐতিহাসিক লংমার্চ শুরু হয়েছে। ইনশাআল্লাহ, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে গণভোটের রায় কার্যকর এবং সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই বিপ্লবের ফসল ঘরে তোলা হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনে দেশের জনগণকে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com