আজ , , ,

শরীয়তপুরে পদ্মা সেতুর টোল প্লাজায় মধ্যরাতে অবরোধ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ ও ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার মানুষ বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে টোল প্লাজার কার্যক্রম বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানবাহন আটকে পড়ে।

প্রত্যক্ষ হওয়া ভিডিওতে এ সময় প্রায় ১০০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও স্লোগান দিতে দেখা যায়।

এদিকে অবরোধে অংশ নিতে বিভিন্ন দিক থেকে লোকজন জড়ো হতে থাকলে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জাজিরা থানা ও পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ টোল প্লাজার প্রবেশপথে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান জানান, মধ্যরাতে ধর্মঘট বাস্তবায়ন করতে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com