আজ , , ,

রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই বড় চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা এবং এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের ধারাবাহিক মনোযোগ ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘রোহিঙ্গা সংকট সমাধানের একটি টেকসই দৃষ্টিভঙ্গি: জাতীয় কৌশল ও বাহ্যিক অবদানের রূপরেখা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে নীতি গবেষণা কেন্দ্র।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে সব সময় প্রাসঙ্গিক রাখতে হবে। তবে দীর্ঘদিন ধরে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখাই বাংলাদেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা উদ্বেগে পরিণত হয়েছে। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ সম্পৃক্ততা প্রয়োজন।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ভেতরে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূভাবে সম্পৃক্ত করতে বাংলাদেশকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ সব সময় সোচ্চার রয়েছে। তবে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে। রোহিঙ্গাদের ন্যূনতম মানবিক মর্যাদা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

দীর্ঘস্থায়ী এ সংকট মোকাবিলায় দেশের অভ্যন্তরে জাতীয় রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংলাপে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থানের কারণে স্থানীয় জনগোষ্ঠী ও দেশের অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে নীতিনির্ধারক, রাজনৈতিক নেতা, কূটনীতিক, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করা।

আলোচনায় একটি জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়ন, রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা, কূটনৈতিক তৎপরতা জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী ও মর্যাদাপূর্ণ সমাধানে ধারাবাহিক নীতিগত উদ্যোগ এবং সংকটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও জোর দেন আলোচকরা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com