গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে মনোয়ারা ফাউন্ডেশনের সৌজন্যে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল, সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দিয়ে তাদের সংবর্ধিত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম।
এ সময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম এবং মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মামুন রেজা (জেক)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার নিজামুল হক।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায়ও সাফল্য অর্জন করতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৭৭ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।