ফরিদপুরে বেড়াতে এসে গণধর্ষণের শিকার এক তরুণীর ঘটনায় দায়ের করা মামলায় আট যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তাঁরা ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া এক তরুণের সঙ্গে দেখা করতে ফরিদপুরে আসেন ওই তরুণী। প্রেমিকের নির্দেশনা অনুযায়ী শহরতলীর ধলার মোড়ে অপেক্ষা করছিলেন তিনি। প্রেমিকের আসতে দেরি হওয়ায় নৌকায় নদী পার হয়ে পালডাঙ্গী এলাকার কাশবনে ঘুরতে যান। সেখানে একা পেয়ে কয়েকজন যুবক তাঁকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁদের একজন ঘটনার ভিডিও ধারণ করেন।
ঘটনার পর তরুণীর প্রেমিকের এক বন্ধু সেখানে গিয়ে তাঁকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। পরে প্রেমিকের সঙ্গে দেখা না করেই সেখান থেকে চলে যান ওই তরুণী।
ঘটনার প্রায় আট মাস পর, ২০২০ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পুলিশ ভিডিওটি ফরিদপুরের বলে শনাক্ত করে তদন্ত শুরু করে। ওই বছরের ৬ আগস্ট প্রথমে শাহীন শেখকে শনাক্ত করে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে আরও ছয়জনকে আটক করা হয়। তদন্তের একপর্যায়ে অষ্টম আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী তরুণীকে শনাক্ত করতে না পারায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আইয়ুব আলী ২০২১ সালের ৩০ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশ দায়িত্বের জায়গা থেকে মামলা করে তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনে। আসামিরা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং নিজেদের দোষ স্বীকার করেন। এ ছাড়া ভিডিওটির ফরেনসিক পরীক্ষায় এর সত্যতা এবং ভিডিওতে থাকা আসামিদের পোশাকের বিষয়টিও পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণ, নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে। এ রায়ের মাধ্যমে সমাজে একটি স্পষ্ট বার্তা পৌঁছেছে—এ ধরনের গুরুতর অপরাধ করে কেউ পার পেতে পারে না।