ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ইমাম হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা জাবেদ হোসাইন।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আয়োজিত সংগঠনের সম্মেলনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ কোরিয়া সফররত বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ সজল ও রাজন শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, প্রবাসের মাটিতে ইসলামী আন্দোলনের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইসলামের আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রচার-প্রসারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক রাজনৈতিক ও গণমানুষের কল্যাণমুখী সংগঠন। দেশ-বিদেশে সংগঠনের দায়িত্বশীলদের ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে।
তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন— সভাপতি মাওলানা ইমাম হোসাইন, সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, হাফেজ হাফিজুর রহমান ও মাওলানা ইলিয়াস হোসাইন এবং সাধারণ সম্পাদক মাওলানা জাবেদ হোসাইন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দক্ষিণ কোরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি, সাংগঠনিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।