আজ , , ,

খুলনায় চিকিৎসকদের আলটিমেটাম, নিরাপত্তা না মিললে বন্ধ হবে চিকিৎসাসেবা

খুলনায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি বন্ধ না হলে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে স্বাস্থ্য খাতে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর সাতরাস্তা মোড় সংলগ্ন বিএমএ ভবনের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।

জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে চিকিৎসকরা নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন। শুধু চিকিৎসকরাই নন, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

তারা বলেন, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে সব শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা নিতে আসেন। এসব প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই অবিলম্বে এসব অপরাধ বন্ধ করে স্বাস্থ্য খাতে কর্মরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে চিকিৎসাসেবা শাটডাউনের মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবীব, হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান, তাজ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় পুলিশের পদক্ষেপের বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম বলেন, এসব ঘটনায় কেউ অভিযোগ না করলেও পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে আশ্বস্ত করতে চাই। ভবিষ্যতে কোথাও এমন ঘটনা ঘটলে পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com