নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রদল। এ সময় রাজপথে ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ব্যাট ও স্টাম্প দেখা যায়। এ সময় তারা ছাত্রলীগের যেকোনো ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে ছাত্রদল নেতারা বলেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে তিনি আর কখনো দেশে ফিরতে পারবেন না বলে দাবি করেন তারা।
তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ তথাকথিত ধর্মঘটের নামে ষড়যন্ত্রের চেষ্টা করছে। কিন্তু গাইবান্ধার সচেতন ছাত্রসমাজ তাদের এ কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।
বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।