জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপাচার্য ভবন, বিজ্ঞান অনুষদ ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ভাষাশহীদ রফিক ভবনের নিচে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
মিছিল থেকে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, জবি ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘ওয়াসিমের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। পাশাপাশি ছাত্রলীগের পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিয়মিত শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্লাস করার পরিবেশ নিশ্চিত এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান তারা।
সমাবেশে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা পালাবেন না বলেও পালিয়ে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও তিনি ফিরবেন না। দেশে ফেরার আগে গণমাধ্যমে তার চেহারা দেখানোর আহ্বান জানান তিনি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অরাজকতা সৃষ্টি হলে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে ছাত্রদল নিজ দায়িত্বে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে থাকা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট চিহ্নিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।