আজ , , ,

দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট এর আবেদন শেখ হাসিনার

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত এটিই তার পক্ষ থেকে প্রথম আবেদন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও তুলে ধরা হয়েছে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তার সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতাচ্যুতির আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। তার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিভাজন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর দেশত্যাগ এবং পরবর্তী রাজনৈতিক ও আইনি পরিস্থিতির মধ্যে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com