আজ , , ,

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে পাঁচ ধাপের এ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।

রোববার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, প্রথম ধাপে কমবেশি ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো নির্বাচন উপযোগী হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রথম ধাপের তালিকা চূড়ান্ত করা হচ্ছে।

ইসি সচিব জানান, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের অধিকাংশ নির্বাচন প্রথম দুই ধাপেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনের সময় আবহাওয়া, উপকূলীয় অঞ্চল ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর তালিকা চূড়ান্ত হতে পারে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, একটি উপজেলার সব ইউনিয়ন পরিষদে একই দিনে ভোটগ্রহণ করা হবে। কোনো ইউনিয়নে মামলা বা সীমানা সংক্রান্ত জটিলতা রয়েছে কি না, তা যাচাই করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর জেলা নির্বাচন কর্মকর্তারা স্থানীয়ভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে ব্যালট পেপার ছাপানোসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংগ্রহের কাজও চলছে।

এদিকে ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বর্তমানে ১৬ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করা হলেও ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ইসি সচিব বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় জন্মনিবন্ধন সনদের মাধ্যমে দেওয়া তথ্য নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারে যুক্ত করা গেলে ভবিষ্যতে নাগরিকদের বাড়তি ভোগান্তি কমবে। এ বিষয়ে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

অন্যদিকে, আসন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান নির্বাচন কমিশন। ফলে মজুত থাকা ইভিএমগুলো পরিবেশবান্ধব উপায়ে কীভাবে নিষ্পত্তি করা যায়, তা নিয়ে কাজ শুরু হয়েছে।

আখতার আহমেদ জানান, ইভিএম নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com