চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাবা ও তাঁর দুই ছেলে রয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তারে অভিযান চালালেও তাঁকে পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর মিরসরাই উপজেলার ওসমানপুর এলাকা থেকে দুটি ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে ওসমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬) এবং অপর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২)। এ ঘটনায় অভিযুক্ত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন সার পাচারের পরিকল্পনা করেন। এ উদ্দেশ্যে তাঁরা মহসিন ওরফে সম্রাটের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে সহযোগিতা চান। পরে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার সংগ্রহ করে মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ হয়ে বঙ্গোপসাগর ব্যবহার করে মিয়ানমারে পাচারের পরিকল্পনা করা হয়।
পুলিশের দাবি, এই পাচার পরিকল্পনায় যুবদল নেতা শওকত আকবর সোহাগ, বিএনপি নেতা মহসিন সম্রাট ও ছাত্রদল নেতা ফারাবি হোসেনসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সাম্প্রতিক সময়ে একটি চক্র উপকূলীয় বঙ্গোপসাগরকে সার পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। এর আগেও সার পাচারের কয়েকটি চালান আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।