৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এ সফরে অংশ নেবেন।
পররাষ্ট্র সচিব জানান, আগামী ১২ নভেম্বর ৩১তম জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্য নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে কম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। তাই জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়টি সম্মেলনে তুলে ধরা হবে।
তিনি আরও জানান, জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার বিষয়ে উন্নত দেশগুলো অতীতে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ সবসময় প্রত্যাশিত সহায়তা পায়নি। আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান ও ন্যায্য দাবিগুলো এবার জোরালোভাবে তুলে ধরা হবে।
সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।