ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আহ্বান করা এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হতে পারে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। মূলত এ সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণেই চতুর্থ অধিবেশন আহ্বান করা হয়েছে।
সংসদ সচিবালয় ইতোমধ্যে অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে এ অধিবেশন।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে। এসব বিলের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হবে।
আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময়সীমা সংক্ষিপ্ত রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছরের প্রথম মাস জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, চতুর্থ অধিবেশনের প্রথম দিনেই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অধিবেশনের কার্যদিবসের সংখ্যা, সময়সীমা ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনার সুযোগ থাকবে।
সংক্ষিপ্ত সময়ের এ অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।