স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ইতিবাচক কোনো লক্ষণ দেখছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁর অভিযোগ, নির্বাচনের আগেই জনগণকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংগঠনিক সফরে মৌলভীবাজারে গিয়ে এ সভায় অংশ নেন জামায়াতের আমির।
শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচনে অংশ নেওয়ার আগে তাঁরা লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা চান। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁরা লড়াই করতে চান উল্লেখ করে তিনি বলেন, জনগণ যাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তিনিই যেন ক্ষমতায় যেতে পারেন।
সরকারের বিরুদ্ধে আন্দোলনের সম্ভাবনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, দেশে একের পর এক অঘটন ঘটলেও বিরোধী দল নীরব থাকতে পারে না। সরকারের ভুল, অপকর্ম ও অন্যায়-অপরাধের দায় বিরোধী দল নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে জামায়াতের আমির বলেন, তাঁদের দলের কেউ অন্যায় করলেও তাঁরা ছাড় দেন না। ব্যক্তি বা দলের চেয়ে নীতিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো নির্দিষ্ট দলের পরিচয়ে বিবেচনা করা উচিত নয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারেননি। রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি নেই বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, বড় কোনো দুর্ঘটনা ছাড়াই পূজা শেষ হয়েছে। এ ক্ষেত্রে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলো সতর্ক ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবার দেশ। এখানে প্রত্যেক মানুষ নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। অন্য কারও তাতে বাধা দেওয়া উচিত নয়।