ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে পুঁজি ও মূলধন সহায়তা বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন।
বুধবার (২৮ অক্টোবর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ বিতরণ করা হয়। এসব সহায়তার মাধ্যমে উপকারভোগীরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে জানিয়েছে ফাউন্ডেশন।
এদিকে, একই অনুষ্ঠানে চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে জলসায়ে ওরছ পাক অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর একমাত্র পুত্র ও দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আগামী বার্ষিক ওরছ শরীফের তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৩ জানুয়ারি ওরছ শরীফ অনুষ্ঠিত হবে।
ওরছ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জলসায়ে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত দরবার শরীফে সমবেত হন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত অনুষ্ঠিত হয়। বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। মোনাজাতে বিশ্বের শান্তি, মানবজাতির কল্যাণ এবং মহান আল্লাহর নৈকট্য কামনা করা হয়।