গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে অ্যাডভোকেট খবির হোসেন উল্লেখ করেন, একটি সুস্থ, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তিনি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে তিনি গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আদর্শিক রাজনীতির পরিবর্তে দলটিতে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও কায়েমি স্বার্থ হাসিলের প্রতিযোগিতা প্রাধান্য পাচ্ছে বলে তাঁর মনে হয়েছে। যে নীতি ও আদর্শের ভিত্তিতে তিনি দলটির সঙ্গে যুক্ত হয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই আদর্শ বজায় রেখে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, অনৈতিকতা ও দুর্নীতির সঙ্গে আপস করে রাজনীতি করা তাঁর ব্যক্তিগত নৈতিকতার পরিপন্থী। এ কারণে তিনি গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অ্যাডভোকেট খবির হোসেন জানান, ২০২৬ সালের ২৫ অক্টোবর থেকে গণঅধিকার পরিষদের সঙ্গে তাঁর সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্কের অবসান ঘটেছে। ভবিষ্যতেও দলটির কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত থাকবেন না।
উল্লেখ্য, অ্যাডভোকেট খবির হোসেন গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি জেলা যুব অধিকার পরিষদের সদস্যসচিব এবং গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দলটির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।