আজ , , ,

ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল বাবা ও ৬ বছরের মেয়ের

পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও তাঁর ছয় বছরের শিশুকন্যা। একই পরিবারের দুই সদস্যের এমন করুণ মৃত্যুতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় মাছবোঝাই একটি পিকআপভ্যানের ধাক্কায় তাঁদের বহনকারী অটোভ্যান দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলের কাছেই গুরুতর আহত হন বাবা ও মেয়ে। পরে তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তার। সাইফুল ইসলাম রঞ্জু ওই গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন সাইফুল ইসলাম রঞ্জু। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি দ্রুতগতির পিকআপভ্যান বিপরীত দিক থেকে এসে তাঁদের বহনকারী অটোভ্যানটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানটি ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলাম রঞ্জুর ভাই তাহের আহমেদ শুভ জানান, পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তাঁর ভাই ও ভাতিজিকে হারিয়েছেন তাঁরা। তবে পরিবারের অন্য সদস্যরা আল্লাহর অশেষ রহমতে সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ বাড়িতে আনা হয়। রোববার সন্ধ্যায় পবনবেগ মাদ্রাসায় জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম। তিনি বলেন, একই পরিবারের বাবা ও শিশুকন্যার এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।

এদিকে, পরিবারের দুই প্রিয়জনকে হারিয়ে শোকের সাগরে ভাসছে স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। মর্মান্তিক এ ঘটনায় পবনবেগ গ্রামসহ আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com