রাষ্ট্রকাঠামোর পরিবর্তন ও সংস্কার না হলে তারেক রহমানও শেখ হাসিনার অনুসৃত পথে হাঁটবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার চালক পরিবর্তন হলেও স্বৈরতান্ত্রিক কাঠামো ও ব্যবস্থা এখনো বদলায়নি।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “আমরা যদি রাষ্ট্রকাঠামোর পরিবর্তন না করি, সংস্কার না করি, তাহলে তারেক রহমান তো সেই দিকেই যাবেন এবং তিনি সেই দিকেই যাচ্ছেন।”
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দলটির শাসনামলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও সরকারি কর্ম কমিশন দলীয়করণ করা হয়েছিল। তাঁর দাবি, এসব প্রতিষ্ঠানে এখনো দলীয়করণের চর্চা চলছে। এমনকি বিরোধী দলের আসনগুলোতেও দলীয়করণ করা হচ্ছে।
রাষ্ট্রের মৌলিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা না হলে বর্তমান সরকারও আগের সংসদগুলোর ধারাবাহিকতায় পরিচালিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাকচ করে নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনার বাংলাদেশে ডিসেম্বরে আসার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমি দেখি না।”
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে ফেরার বিষয়ে কথিত তৎপরতাকে শুধু দলটির রাজনৈতিক কার্যক্রম হিসেবে দেখলে ভুল হবে। তাঁর মতে, আওয়ামী লীগ বর্তমানে যে দেশে অবস্থান করছে, সেই দেশের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেও বিষয়টি বিবেচনা করতে হবে।
ভারত বাংলাদেশকে নানামুখী চাপে ফেলতে আওয়ামী লীগকে দিয়ে এ ধরনের তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে, আধিপত্যবাদী শক্তিকে কীভাবে মোকাবিলা করা হবে।
জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় পরিচয়কে প্রাধান্য না দিয়ে বাংলাদেশের পক্ষে কারা এবং বিপক্ষে কারা, তা বিবেচনা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মুন্সিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম, সদস্যসচিব মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।