আজ , , ,

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, দালালকে পাসপোর্ট-টাকা না দেওয়ার নির্দেশ

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষার জন্য কেবল অনুমোদিত মেডিকেল সেন্টারে যেতে হবে। অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে না। একই সঙ্গে ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষাও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মীদের সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা শিগগিরই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের ওই তালিকা দেখে মেডিকেল সেন্টারের অনুমোদন নিশ্চিত করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, কোনো মেডিকেল সেন্টার সরকারি নির্দেশনা অনুসরণে ব্যর্থ হলে তাকে অনুমোদিত তালিকা থেকে বাদ দেওয়া হবে। ৩১ অক্টোবরের আগে করা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন গ্রহণ করা হবে না এবং সেসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে না।

দালাল ও অসাধু এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে।

এ অবস্থায় অনুমোদন নিশ্চিত না করে কাউকে পাসপোর্ট বা টাকা না দেওয়ার জন্য কর্মীদের অনুরোধ জানানো হয়েছে। কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না।

রিক্রুটিং এজেন্সির জন্যও নির্দেশনা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

অনিয়মের তথ্য জানাতে ই-মেইল

অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ ধরনের অনিয়মের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।

অভিযোগ জানানোর ই-মেইল: secretary@probashi.gov.bd

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশগামী কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com