চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা। এসব মালামালের মধ্যে রয়েছে ১৪৩টি ভারতীয় স্মার্টফোন, বিড়ির পাতা, বিড়ির মসলা এবং চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল ও বাইসাইকেল।
সোমবার (২৬ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান দুটি পরিচালনা করে।
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহল দল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৩টি বিভিন্ন ধরনের ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপর সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপির নিয়মিত টহল দল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্র আরও জানায়, দুই অভিযানে জব্দ করা মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, মসলা ও বাইসাইকেল বিধি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, মাদক এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে ৫৩ বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।