আজ , , ,

টাইব্রেকারে আলফাডাঙ্গাকে হারিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালমারী

‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বোয়ালমারী ফুটবল একাদশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে এ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। পাকুড়িয়া ও শিয়ালদী গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মাদ শাহ আলম।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৫-৪ গোলে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় বোয়ালমারী ফুটবল একাদশ। অন্যদিকে লড়াকু পারফরম্যান্স দেখিয়েও বিদায় নিতে হয় স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে।

আয়োজকদের মতে, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখা, খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। তাঁরা মনে করেন, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মাদ শাহ আলম। তিনি বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী বেল্লাল হোসাইন। তিনি বলেন, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়ায়। তাই এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

খেলায় সাবলীল ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।

এদিকে খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শক। শত শত দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। বিশেষ করে টাইব্রেকারের প্রতিটি শট ঘিরে দর্শকদের করতালি, উল্লাস ও উত্তেজনায় মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com