পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকরে অনুমোদন দিয়েছে তুরস্ক। এ-সংক্রান্ত আইন শনিবার দেশটির সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। ফলে গেজেট প্রকাশের দিন থেকেই চুক্তিটি কার্যকর হয়েছে।
এর আগে গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় তিন দেশের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদনের প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৭৯ জন আইনপ্রণেতা এবং বিপক্ষে ভোট দেন ১১৯ জন।
৫৯২ সদস্যবিশিষ্ট তুরস্কের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে অংশ নেন মোট ৩৯৮ জন আইনপ্রণেতা।
চুক্তির আওতায় তিন দেশ সম্মিলিত নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে।
এই চুক্তির মাধ্যমে তিন দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হওয়ার পাশাপাশি পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।