আজ , , ,

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশজুড়ে ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তথ্য এবং সংসদে উপস্থাপিত পরিসংখ্যান থেকে এ চিত্র পাওয়া গেছে।

প্রকাশিত তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিযান পরিচালনা করে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অন্যদিকে, ১২ নভেম্বর দেশটির সংসদে উপস্থাপিত তথ্যে অভিযানের সংখ্যা ও আটকের পরিমাণ আরও বেশি বলে জানানো হয়। ওই পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জনকে আটক করা হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান এবং ২২৮ জনের বেশি বিদেশি নাগরিক আটক হচ্ছেন।

এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ। তিনটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামে পরিচালিত এসব অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান, শ্রমিকদের আবাসস্থল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানের ভিডিও রাজ্য অভিবাসন বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সংকীর্ণ স্থানে লুকানোর চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন খাটের নিচে আত্মগোপন করেও শেষ পর্যন্ত রেহাই পাননি। অভিবাসন কর্মকর্তারা তাঁকে সেখান থেকে আটক করেন।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৩৪ জনকে আটক করা হয়।

আমপং এলাকায় খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জন বিদেশিকে আটক করা হয়। তাঁদের মধ্যে আটজন মিয়ানমারের এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।

এ ছাড়া একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত চলছে।

অন্যদিকে, কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ ও শাহ আলম সিটি কাউন্সিলের কর্মকর্তারাও অংশ নেন। সেখানে অনুমোদন ছাড়া জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাঁদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে অভিবাসন বিভাগের কর্মকর্তারা সেখানে তল্লাশি চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা পাননি।

এদিকে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের অবস্থান ও কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদারের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০) চালু রেখেছে মালয়েশিয়া সরকার। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় বৈধ পাস বা অনুমতিপত্র না থাকা কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বিদেশি নাগরিকেরা নির্ধারিত শর্ত পূরণ করে দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিট জমা দিতে হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ চালু থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ফলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীদের মধ্যে গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকি বাড়ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com