মাদারীপুরে পরিবেশ আইন অমান্য করে চলছে ৬১টি ইটভাটা। এসব ভাটার একটিরও বৈধ লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিয়মনীতি উপেক্ষা করে ফসলি জমির পাশে গড়ে ওঠা এসব ইটভাটায় জ্বালানি হিসেবে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে বনজ ও ফলজ গাছের কাঠ। এমনকি ইটভাটার ভেতরেই স্থাপন করা হয়েছে করাতকল। এতে একদিকে উজাড় হচ্ছে গাছপালা, অন্যদিকে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সদর উপজেলায় রয়েছে ৩৭টি ইটভাটা। এর মধ্যে শুধু পাঁচখোলা ইউনিয়নেই রয়েছে ২৫টি। এ ছাড়া শিবচরে ১৫টি, কালকিনিতে আটটি এবং ডাসার উপজেলায় একটি ইটভাটা রয়েছে। এসব ভাটার কোনোটিরই বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সরেজমিনে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমির মাঝখানে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। এসব ভাটার ভেতরে বসানো হয়েছে করাতকল। সেখানে বনজ ও ফলজ গাছের কাঠ চেরাই করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভাটার চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সাকিব হাওলাদার বলেন, ইটভাটার কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। জোরপূর্বক ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। অন্যদিকে মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাকের অবাধ চলাচলে গ্রামীণ সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, প্রভাবশালী ইটভাটার মালিকদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না। গভীর করে মাটি কাটার কারণে আশপাশের জমিও ধসে পড়ছে। এতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জমি বিক্রি করে দিচ্ছেন।
মাদারীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, জেলার কোনো ইটভাটারই বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। অবৈধ ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় মালিকদের বাধার মুখে পড়তে হলেও পরিবেশ রক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।