শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জসিম মৃধা (৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিকেনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাওডোবা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম মৃধা উপজেলার মৃধাকান্দি এলাকার তোতা মৃধার ছেলে। তিনি পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলার ১২৭ নম্বর এজাহারনামীয় আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে তাঁরা কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। ফলে পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সেতু ব্যবহারকারী যাত্রীরা।
ঘটনার পর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে ১২ নভেম্বর সকালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সংঘটিত ঘটনার মামলায় জসিম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারনামীয় ১২৭ নম্বর আসামি। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এ মামলায় এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। জসিম মৃধাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে।