আজ , , ,

পাটের ব্যবসার কথা বলে সাড়ে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ, নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাটের ব্যবসার কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর করে সাড়ে ৩ লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে ছাদ্দাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গিয়ে অপমান ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম রাজিব (৪২)।

বুধবার (১১ নভেম্বর) রাতে আলফাডাঙ্গা সরকারি কলেজ রোড এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন রাজিব। তিনি আলফাডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সামচুল আলম শেখের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছাদ্দাম হোসেনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।

অভিযুক্ত ছাদ্দাম হোসেন উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর গ্রামের মো. হান্নান মুন্সীর ছেলে।

সংবাদ সম্মেলনে রাজিব জানান, গত ১ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ছাদ্দাম আলফাডাঙ্গা সদরবাজার চৌরাস্তায় তাঁর নিজস্ব দোকানে আসেন। এ সময় পাটের ব্যবসার কথা বলে তাঁর কাছ থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নেন। টাকা গ্রহণের প্রমাণ হিসেবে একটি স্ট্যাম্পে স্বাক্ষরও করেন ছাদ্দাম।

রাজিবের দাবি, নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত দেননি ছাদ্দাম। পাওনা টাকা আদায়ের জন্য একাধিকবার সরাসরি ও মুঠোফোনে যোগাযোগ করেন তিনি। তবে প্রতিবারই আজ দেব, কাল দেব বলে সময়ক্ষেপণ করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, গত ১০ নভেম্বর সর্বশেষ ছাদ্দামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও অপমান করার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে রাজিব বলেন, ‘আমি একজন শান্তিপ্রিয় ব্যবসায়ী। কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না। পাটের ব্যবসার জন্য দেওয়া আমার পাওনা সাড়ে তিন লাখ টাকা ফেরত চাই। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে ভিন্ন দাবি করেছেন ছাদ্দাম হোসেন। তাঁর দাবি, চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাঁকে অচেতন করা হয়েছিল। পরে তাঁর কাছ থেকে ১০ থেকে ১২টি অলিখিত স্ট্যাম্প ও ব্যাংকের চেকে স্বাক্ষর নেওয়া হয়।

এ বিষয়ে স্ট্যাম্প বিক্রেতা শাহিনুর রহমান শাহিন বলেন, ছাদ্দাম নিজেই তাঁর কাছ থেকে স্ট্যাম্প কিনেছেন। সে সময় তিনি একাই ছিলেন, তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com