দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এসব খেলাপি ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা অত্যন্ত কম। একই সঙ্গে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও রয়েছে বড় ঘাটতি। ফলে খেলাপি ঋণ ও মূলধন সংকট—দুই দিক থেকেই গভীর চাপে পড়েছে দেশের ব্যাংক খাত।
নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতি রয়েছে প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকার ঋণ।
অন্যদিকে, ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে যায়। গবেষকদের মতে, খেলাপি ঋণের বড় অংশ আদায় অনিশ্চিত হওয়ায় দেশের আর্থিক খাতের ওপর সংকটের চাপ আরও বাড়ছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি।
তিনি বলেন, আরও উদ্বেগের বিষয় হলো, ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি ঋণাত্মক পর্যায়ে রয়েছে। অর্থাৎ ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধন অনেক ব্যাংকের নেই।
আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের শ্রেণিবিন্যাস বিশ্লেষণে দেখা যায়, এর বড় অংশ সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। বিশেষ করে মন্দ ঋণের ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী, খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আদায় অনিশ্চিত।
তিনি আরও বলেন, তার ব্যক্তিগত মূল্যায়নে, মোট খেলাপি ঋণের ৩৩ শতাংশের মধ্যে ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির কারণে খেলাপি হয়েছে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অপারেশনাল অনিয়ম ও অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে। এসব অপরাধ মোকাবিলা করা শুধু ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়।
ব্যাংক খাতের এ সংকটের প্রভাব সম্পর্কে তিনি বলেন, ঋণ বিতরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, এমন অনেক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীকেও অনিয়মের পরিণতি ভোগ করতে হচ্ছে। ভালো ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। এমনকি ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলোও দুর্বল ব্যাংকের সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারছে না। দেশের অর্থনীতি ব্যাংকনির্ভর হওয়ায় এ সংকটের প্রভাব পুরো অর্থনীতিতে পড়ছে।
প্রতিবেদনে ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের হারে বড় ধরনের পার্থক্য তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে এ হার ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ।
সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলো। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ। পাশাপাশি আমানতের অবস্থাও উদ্বেগজনক। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। এসব ব্যাংকের ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে। অর্থাৎ আমানতের তুলনায় ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি।
ব্যাংক খাতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে সামগ্রিক ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত তারল্যসংকট এ চিত্রে আড়াল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও ব্যাংক খাতে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ। অথচ এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ২৫ দশমিক ৫০ শতাংশ।
অন্যদিকে, নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা ঋণের অংশ ছিল মাত্র ৭ দশমিক ২৮ শতাংশ। এ ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ১৫ শতাংশ।
ব্যাংক খাতের চলমান সংকট মোকাবিলায় কয়েকটি স্বল্পমেয়াদি সুপারিশ করেছে নলেজ হাব। এর মধ্যে রয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীনভাবে ঋণ পর্যালোচনা করা এবং আগামী বছরের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।
প্রতিবেদনে ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে দেশের সামষ্টিক অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। একই মাসে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া গত ৩০ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ।