চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদন খরচ ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, ৪০ কেজিতে এক মণ ধান সরকারি সংগ্রহকেন্দ্রে বিক্রি করে একজন কৃষক পাবেন ১ হাজার ৪০০ টাকা।
তিনি জানান, ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে একই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
খাদ্যমন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৃষকের স্বার্থ সুরক্ষা, খাদ্য সংগ্রহ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং কার্যকর বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, সরকারি গুদামে পর্যাপ্ত ধান ও চালের মজুত গড়ে তোলার মাধ্যমে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম সচল রাখার পরিকল্পনা রয়েছে। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগ্রহমূল্য নির্ধারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যঘাটতি কিংবা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সরকারি খাদ্য মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে মন্ত্রী বলেন, ধান-চাল সরবরাহের বিপরীতে কৃষকদের অর্থ পরিশোধে কোনো ধরনের বিলম্ব করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার সারওয়ার আলম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।