আজ , , ,

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তিনি বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও ত্বরান্বিত করে।

ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

তিনি বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্‌যন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এ রোগের জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। অন্যদিকে, যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতিটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।

আগামী দিনগুলোতেও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com