জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। একই সঙ্গে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন জরুরি।
তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছেন এবং স্বাস্থ্য খাতে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে দন্তচিকিৎসার উচ্চ ব্যয়ের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দাঁতের চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা বহন করা কঠিন। ফলে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, দেশের অধিকাংশ হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হন।
এ পরিস্থিতি পরিবর্তনে প্রান্তিক ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক সরকারি চিকিৎসক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ কিংবা অন্য কাজে চলে যান। এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মানুষের প্রতি ভালোবাসা ও পেশাগত দায়িত্ববোধ থাকলে স্বাস্থ্য খাতের অনেক অব্যবস্থাপনা দূর করা সম্ভব।
পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনগুলোর নেতৃত্ব ও কার্যক্রমে পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। একটি সার্বজনীন, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। পাশাপাশি দেশের ডেন্টাল চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও ডেন্টাল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।