দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকের দাবিতে লিমা রানী সরকার (২২) নামের এক গৃহবধূকে অমানবিক নির্যাতন ও ধারালো ব্লেড দিয়ে দুই হাতের কবজির রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও নিহতের পরিবার এক মানববন্ধনের আয়োজন করেছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন ও স্থানীয় গ্রামবাসী অংশ নিয়ে খুনিদের ফাঁসি এবং কঠোর শাস্তির দাবি জানান।
নিহতের বড় ভাই ও মামলার বাদী সৌরভ চন্দ্র সরকার এজাহারে উল্লেখ করেন, প্রায় চার বছর আগে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের চাচেয়া খামার এলাকার শিমুল চন্দ্র সরকারের সঙ্গে লিমা রানীর বিয়ে হয়। বিয়ের সময় সাড়ে ৩ লাখ নগদ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল ও আসবাবপত্রসহ মোট ১৩ লাখ ৬১ হাজার টাকার উপহারসামগ্রী দেওয়া হয়েছিল।
অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই শাশুড়ি আরতী বালার প্ররোচনায় স্বামী শিমুল চন্দ্র সরকার লিমাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রায় দুই বছর আগে তাকে নির্যাতন করে তাড়িয়ে দিলে লিমার পরিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। পরবর্তীতে দুই পরিবারের সমঝোতার মাধ্যমে তাকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।
সর্বশেষ গত ৩ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে লিমার কাছে বাবার বাড়ি থেকে আরও ১০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করা হয়। এতে তিনি অপারগতা প্রকাশ করলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন চড়াও হন। এ সময় এক নারী তার বুকের ওপর চেপে বসেন এবং স্বামী শিমুল চন্দ্র সরকার ও শাশুড়ি আরতী বালা ধারালো ব্লেড দিয়ে তার দুই হাতের কবজির রগ কেটে দেন। পাশাপাশি লোহার রড ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়।
ঘটনার পর অভিযুক্তরা পল্লিচিকিৎসক ডেকে বাড়িতেই তার হাতে সেলাইয়ের ব্যবস্থা করেন। পরদিন ৪ নভেম্বর লিমার পরিবারের লোকজন খবর পেয়ে বাড়িতে গেলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় লিমাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেদিন রাত ৯টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই সৌরভ চন্দ্র সরকার বাদী হয়ে স্বামী শিমুল চন্দ্র সরকার, শাশুড়ি আরতী বালা, মিনতি রানী সরকার, চন্দনা রাণী ও প্রফুল্ল চন্দ্র সরকারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।