“নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি”—এমন মন্তব্য করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
মঙ্গলবার (১০ নভেম্বর) ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে পবিপ্রবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের পোল্ট্রি সায়েন্স বিভাগ এবং ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুশান্ত দাশ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিম অত্যন্ত পুষ্টিকর, সাশ্রয়ী ও সহজলভ্য প্রোটিনের অন্যতম উৎস। তবে পোল্ট্রি খাদ্যের উচ্চমূল্য ও মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে ডিমের দাম বাড়ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ডিমের সরবরাহ নিশ্চিত করতে পোল্ট্রি খামারিদের ভর্তুকি, সহজ শর্তে ঋণ প্রদান এবং উৎপাদন ব্যয় কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
অনুষ্ঠানে বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্য সচিব প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।