বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক প্রকাশনার ১৮তম সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও স্থান পেয়েছেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নিয়মিত এ তালিকায় স্থান পাচ্ছেন।
এ ছাড়া তালিকায় রয়েছেন আইনজীবী রাজিয়া সুলতানা। রোহিঙ্গা শরণার্থী ও মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম নেই।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়। এতে কেবল শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজন ব্যক্তিত্বই শীর্ষ ৫০-এর বাইরের ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।