শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে ভূমি কর্মকর্তা আহসানুল হকের বিরুদ্ধে। জমিসংক্রান্ত তথ্য জানতে গিয়ে এক সেবাপ্রত্যাশীকে তথ্য না দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। শুধু সেবাপ্রত্যাশীই নন, এ বিষয়ে বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাগেরপাড়া ইউনিয়নের বড়কালি নগর এলাকার বাসিন্দা মাসুদ আলম তাঁর বাবার সম্পত্তিসংক্রান্ত তথ্য জানতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। এ সময় ভূমি কর্মকর্তা আহসানুল হক তাঁকে প্রয়োজনীয় তথ্য না দিয়ে গোসাইরহাট উপজেলা রেকর্ড রুমে যাওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন মাসুদ আলম।
এ ঘটনায় ভূমি কর্মকর্তার বক্তব্য জানতে সাংবাদিকরা তাঁর কার্যালয়ে গেলে অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে উল্টো সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আমাকে প্রশ্ন করার কে?’ এ সময় সাংবাদিকদের ক্যামেরার বিপরীতে নিজের ক্যামেরাও চালু করেন তিনি। পরে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন বলে জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, ভূমি কর্মকর্তা আহসানুল হক একই কর্মস্থলে অন্তত সাড়ে চার বছর ধরে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা এবং স্থানীয় বাসিন্দা হওয়ার প্রভাব খাটিয়ে চলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া কার্যালয়ের বিভিন্ন কাজে বহিরাগত নিকটাত্মীয়দের ব্যবহার করার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী মাসুদ আলম বলেন, ‘আমি আমার বাবার একটি সম্পত্তির বিষয়ে কিছু তথ্য জানতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো তথ্য না দিয়ে উপজেলার রেকর্ড রুমে যেতে বলেন। একপর্যায়ে আমাকে তাঁর কক্ষ থেকে বের করে দেন। তিনি চাইলে বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন, ভালো ব্যবহার করতে পারতেন। একজন সেবাপ্রত্যাশীর সঙ্গে এমন আচরণ সত্যিই দুঃখজনক। এর আগেও আরেকটি জমির বিষয়ে তথ্য জানতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।’
স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, ভূমি অফিসে মানুষ নিজেদের জমিজমার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে আসেন। সেখানে কোনো কর্মকর্তা যদি সেবাপ্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি কর্মকর্তাদের দায়িত্ব মানুষের ভোগান্তি কমানো, দুর্ব্যবহার করা নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, ‘আপনাদের কাছ থেকেই নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’