ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে এ শুনানি শুরু হয়। শুনানি চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিইআরসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, শুনানিতে সরকারি ও বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্য পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ এবং খুচরা বিক্রেতাদের চার্জ পরিবর্তনের প্রস্তাবও আলোচনায় রয়েছে।
এলপিজি অপারেটর, মজুতকরণ ও বোতলজাতকরণ প্রতিষ্ঠান এবং ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে এসব মূল্য ও চার্জ পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দেওয়া হয়েছে।
কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর বিষয়ে অংশীজনদের মতামত নিতে এ গণশুনানির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। শুনানিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অংশগ্রহণ এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত ও দলিল উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৮ অক্টোবর এলপিজি অপারেটরদের পক্ষ থেকে মূল্য পরিবর্তনের প্রস্তাব জমা দেওয়া হয়। এসব প্রস্তাব পর্যালোচনার পর গণশুনানির আয়োজন করে কমিশন।
শুনানিতে অংশীজনদের মতামত ও প্রস্তাব পর্যালোচনা করে এলপিজির দাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন চার্জের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিইআরসি। তবে শুনানি শেষে দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।