কম্বোডিয়ায় অনলাইন প্রতারণাবিরোধী অভিযানে ২০২৬ সালের প্রথম নয় মাসে তিন হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। একই সময়ে বাংলাদেশিসহ ৮৭টি দেশের মোট ৫২ হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক ও বহিষ্কার করা হয়েছে।
কম্বোডিয়াভিত্তিক সংবাদমাধ্যম বিটিভি নিউজ গ্লোবাল গত ২৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির অভিবাসন বিভাগের (জেনারেল ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন) সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৩ হাজার ১০৪টি আইন প্রয়োগকারী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৮৭টি দেশের ৫২ হাজার ৩৯ জন বিদেশি নাগরিককে আটক ও বহিষ্কার করা হয়েছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় বহিষ্কারের সংখ্যা ৪১ হাজার ৬৮৫ জন বেড়েছে, যা ৪০০ শতাংশের বেশি বৃদ্ধি নির্দেশ করে।
বহিষ্কৃত বিদেশি নাগরিকদের মধ্যে প্রায় ২৩ হাজার চীনা, আট হাজারের বেশি ইন্দোনেশীয়, চার হাজারের বেশি ভিয়েতনামি এবং তিন হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া আড়াই হাজারের বেশি পাকিস্তানি, প্রায় দুই হাজার মিয়ানমারের এবং দেড় হাজারের বেশি থাই নাগরিককে বহিষ্কার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বহিষ্কৃতদের মধ্যে ৩৮টি দেশের ১৮ হাজারের বেশি বিদেশি নাগরিক সরাসরি অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে শনাক্ত করা হয়েছে।
তবে বহিষ্কৃত বাংলাদেশিদের মধ্যে কতজন সরাসরি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং কতজন মানবপাচারের শিকার হয়ে এসব কাজে বাধ্য হয়েছেন, সে বিষয়ে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
কম্বোডিয়ায় অনলাইন প্রতারণাবিরোধী অভিযানে বিপুলসংখ্যক বিদেশি নাগরিককে আটক ও বহিষ্কারের এ তথ্য আন্তর্জাতিকভাবে অনলাইন জালিয়াতি এবং মানবপাচারের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।