মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মাদারীপুর শহরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মামলার প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারসহ সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
সকালে শহরের লেকেরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নিহতের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁদের অনেকের হাতে ঝাড়ু ছিল।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা তাইজুল সরদার হত্যার প্রধান অভিযুক্ত মিলন সরদারসহ মামলার সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। একপর্যায়ে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের ছবিতে ঝাড়ু ও জুতা দিয়ে আঘাত করে ক্ষোভ প্রকাশ করেন।
কর্মসূচিতে নিহত তাইজুল সরদারের ভাই সাইফুল সরদার, স্ত্রী নিলা আক্তার, বড় বোন পাপিয়া বেগম, ছোট বোন রহিমা আক্তারসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তাইজুল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে আরও কয়েকজন আহত হন।
নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এখন সরব হয়েছেন তাঁর স্বজন ও এলাকাবাসী।