আজ , , ,

জাজিরায় দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ৭ যাত্রী…

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন ঢাকা অভিমুখী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাত যাত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে জাজিরার কালু বেপারী কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে নড়াইল এক্সপ্রেস ও এনা এক্সপ্রেসের দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

নিহত নজরুল ইসলাম এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস কালু বেপারী কান্দি এলাকায় মহাসড়কে যাত্রী ওঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেসের একটি বাস দ্রুতগতিতে এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও সাত যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি আটক করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ধরনের দুর্ঘটনায় অনেক সময় ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ দিতে আগ্রহী হন না। সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বাদী হয়ে মামলা করতে হয়। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com